এবার মনে হয় বয়সের ভারটা বুঝতে পেরেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফুটবলার টিম কাহিল। দীর্ঘ ক্যারিয়ার শেষে সব ধরনের ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৩৯ বছর বয়সী এই খেলোয়াড়।
ক্যারিয়ারের শেষটায় ভারতীয় ক্লাব জামশেদপুরে নাম লেখান কাহিল। চলতি মাসেই ক্লাবটিতে সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। এর আগেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আক্রমণভাগের এই ফুটবলার।
সিনিয়র পর্যায়ে কাহিলের খেলা শুরু ইংল্যান্ডের ক্লাব মিলওয়ালের হয়ে। খেলেছেন এভারটনের হয়েও। এরপর যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া ও ভারতের হয়ে বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন তিনি।
অস্ট্রেলিয়া জাতীয় দলেও নিয়মিত মুখ ছিলেন কাহিল। দলটির হয়ে সর্বকালে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি তার দখলে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন মোট চারটি বিশ্বকাপ খেলা এই খেলোয়াড়।
জামশেদপুরের সঙ্গে চুক্তি শেষে নতুন কোথাও যাবেন কি-না এমন প্রশ্নের জবাবে কাহিল বলেন, “না, ফুটবলে আমি এখন বয়সের দিক থেকে বুড়ো হয়ে গেছি। খেলা চালিয়ে যাওয়াটা আমি ভালোবেসেছি। আপনি জানেন, আমার বয়স ৩৯।”
“চারটি বড় মহাদেশে খেলা অসাধারণ এক অভিজ্ঞতা। আমি দারুণ একটা ক্যারিয়ার কাটিয়েছি। সত্যিই আমি কৃতজ্ঞ।”
অবসরের পর সময় কিভাবে কাটাবেন এ প্রসঙ্গে কাহিল বলেন, “আমি টিভিতে কাজ করতে আগ্রহী। আমি কোচিংয়ের জন্য এ-লাইসেন্সটাও পাব। পরিবারের সঙ্গে ভালো মানের সময় কাটাব।”
