ফায়ার সার্ভিসের দক্ষতায় অনেক প্রাণ বেঁচে গেল : ফারুক

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৬:০৪ পিএম

বনানীর ১৭ নম্বর রোডে ২২ তলা বিশিষ্ট এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে লাফিয়ে নামতে গিয়ে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। অপরজন আগুনে পুড়ে নিহত হন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করছে। সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীসহ, র‌্যাব, পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়ায় ভরে আছে চারপাশ। ভবনটিতে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

এদিকে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা-১৭ আসনের সাংসদ নায়ক ফারুক। তিনি সেখানে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার কাজ তদারকি করছেন।চিত্রনায়ক ফারুক ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে বলেন, ‘আমি আগুন লাগার খবর শুনেই চলে এসেছি। ৫ ঘণ্টা যাবৎ এখানে অবস্থান করছি।আমি অবাক হচ্ছি আজকে আমাদের ফায়ার সার্ভিসের দক্ষতায় অনেকগুলো প্রাণ বেঁচে গেল। আমাদের ফায়ার সার্ভিস অনেক শক্তিশালী।’

নায়ক ফারুক আরও বলেন, ‘আমি মানুষের আত্মার টানে ভালোবাসার টানে এখানে এসেছি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আমি এখানকার বিল্ডিংয়ের অবকাঠামো নিয়ে কীভাবে আরও টেকসই পরিকল্পনা করা যায়- সে বিষয়ে বিস্তারিত পদক্ষেপ হাতে নেব।’

তিনি এখনো ঘটনাস্থলে অবস্থা করছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ আগুন লাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত