রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ সার্বক্ষণিক তদারকি করছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমনটা জানিয়েছেন। খবর বাসস
বৃহস্পতিবার দুপুরে কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২২ তলা ওই ভবনে আগুন লাগে।
এরপর বিকেলে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। এই ঘটনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানীর বহুতল ভবনে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বক্ষণিক তদারকি করছেন।
এই অগ্নিকাণ্ডে বিকাল পর্যন্ত এক বিদেশিসহ সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের বেশিরভাগই আগুন থেকে বাঁচতে উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হন। এরকম লাফ দিয়ে আহতও হন অনেকে।
