বাণিজ্য সহজীকরণ ও চোরাচালান বন্ধে ভারতের কাস্টমস গোয়েন্দা ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) এবং বাংলাদেশের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক পর্যায়ে প্রথমবারের মতো আলোচনা শুরু হচ্ছে আগামী রবিবার। দুই দিনব্যাপী আলোচনায় উভয় দেশের কাস্টমস কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই আলোচনা হবে বলে জানিয়েছে বাসস।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. শহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুল হাকিম ও শামীমা আক্তার প্রমুখ।
ড. শহিদুল ইসলাম বলেন, আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল দুই দেশের মহাপরিচালক পর্যায়ে আলোচনা হবে। বাণিজ্য সহজীকরণ থেকে স্বর্ণ চোরাচালান, অবৈধ পণ্য প্রবেশে কঠোর নজরদারি, গরু, মাদক পাচারসহ নানা বিষয়ে আলোচনা হবে। সীমান্ত নিরাপদ রাখার পাশাপাশি মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি বন্ধের বিষয়েও আলোচনা হবে। তবে এর বাইরে আরও নতুন এজেন্ডা আলোচনায় যোগ হতে পারে বলে জানান এই কর্মকর্তা।
এই আলোচনায় ভারতের ডিআরআইর আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রতিষ্ঠানটির মুখ্য মহাপরিচালক দেবী প্রসাদ দাস। বাংলাদেশের পক্ষে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. শহিদুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল আলোচনায় অংশ নেবেন।
