পরিণত হওয়ার চেষ্টায় সৌম্য

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০১:০৬ এএম

খেলোয়াড় তিনি ভালো। মেধা নিয়ে প্রশ্ন নেই কারও। প্রশ্ন আছে মেধা প্রমাণ নিয়ে। আছে দলের পরিকল্পনামতো চলতে শেখা নিয়েও প্রশ্ন। ধারাবাহিক তাই হয়ে ওঠা হয়নি সৌম্য সরকারের। তবু সংগ্রাম করতে করতে বিশ্বকাপের আগে ঠিকই দলে নিজেকে একরকম নিয়মিত করে নিয়েছেন। আর মে-জুলাইয়ের ইংল্যান্ড বিশ্বকাপের আগে বাঁহাতি ওপেনার এখন পরিস্থিতি বুঝে খেলার পরিকল্পনা নিয়ে ব্যস্ত। নিজেকে আরও পরিণত করতে মানসিক লড়াইটা চলছে।

নিউজিল্যান্ড সফর থেকে ফিরে তিনটি ইনিংস খেলেছেন। ৩৩, ৩৬, ৪৩ এর স্কোরগুলো জানাচ্ছেÑ প্রতিটি ইনিংসে সম্ভাবনার মৃত্যু ঘটিয়েছেন সৌম্য। আবাহনী লিমিটেডে খেলা ২৬ বছরের ব্যাটসম্যান বলছেন, ‘এখন যেহেতু আমাদের ঘরোয়া ক্রিকেট চলছে, সেহেতু যে ম্যাচগুলো পাব সেখানে চেষ্টা করব লম্বা সময় ব্যাটিং করতে। দলের পরিস্থিতি অনুযায়ী খেলা গুরুত্বপূর্ণ। এটা নিয়েই বেশি কাজ করছি।’

গতকাল মিরপুরে অনুশীলনের পর সৌম্য আরও জানালেন তার বিশ্বকাপ প্রস্তুতির কথা। মাঠে নিজেকে পরিণত হিসেবে প্রমাণের চেষ্টার কথা তার কণ্ঠে হয় উচ্চারিত, ‘আমার জন্য ম্যাচের প্রস্তুতিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর উইকেটের মধ্যে পরিকল্পনাটা অনেক বেশি থাকতে হবে। আমি যে এমন ৩০ বা ৪০ করার পর আউট হয়ে যাচ্ছি ওই জায়গাটা থেকে কীভাবে বের হওয়া যায়।’

খেলাটা ২২ গজে। ভাবনাটাও তাই মাঠের বাইরে থেকে না করে উইকেটে গিয়ে এগিয়ে নেওয়ার পরিকল্পনা। ‘বাইরে থেকে চিন্তা না করে আমি যদি ওই জায়গায় একটু অন্যরকমভাবে পরিকল্পনা করি যে না আউট হয়ে যাচ্ছি, প্রথম কয়েকটি ম্যাচে একইভাবে খেলেছি এবং আউট হয়েছি। সুতরাং এই পরিকল্পনা বদল করে সেখান থেকে সহজে কীভাবে বের হওয়া যায় তেমন পরিকল্পনাই করছি।’

নিউজিল্যান্ড সফরের মতো ঢাকা লিগেও সৌম্য খেলছেন বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে। ভাবছেন, ‘এই পরিস্থিতিতে ওখানে খেললে কেমন হবে বা এখন আমি যদি আউট হয়ে যাই তাহলে দল কেমন চাপে পড়বে।’ নিজের খেলায় পরিবর্তন না এনে মানসিক পরিকল্পনা শানিয়েই সাফল্য তুলে আনার মন্ত্র পড়ছেন সৌম্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত