পাকাপাকিভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে গেলেন ওলে গানার সোলসকায়ের। খ-কালীন দায়িত্বের সময়ে নিজের ভালো পারফর্মের পুরস্কার পেলেন এ কোচ। নরওয়েজিয়ান সোলসকায়ের গত ডিসেম্বরে হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হন। সেই থেকে স্যার অ্যালেক্স ফার্গুসনের সময়কার সাফল্য পেতে শুরু করে ম্যানইউ। আত্মবিশ্বাসহীন দলটির আত্মবিশ্বাস ফিরে আসে টানা সাফল্যে। সব মিলিয়ে পুরস্কারটা প্রাপ্যই ছিল তার। ইংলিশ জায়ান্টরা তাই সোলসকায়েরের পাওনাটা বুঝিয়ে দিল। আগামী তিন বছরের জন্য সোলসকায়েরকে পাকাপাকিভাবে কোচের চেয়ারে বসাল ম্যানইউ। এর জন্য বছরে ৭ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে তাদের।
সোলসকায়েরের অধীনে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা নয় জয়ের ক্লাব রেকর্ড গড়ে ম্যানইউ। এখন পর্যন্ত মোট ১৯ ম্যাচে ২ ড্র, ৩ হার ও ১৪টিতে জিতেছে তারা। আর প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ১০টি জয়। এই সময়ের মধ্যে আর্সেনাল, টটেনহ্যাম ও পিএসজির মতো বড় দলগুলোর সঙ্গে জিতেছে রেড ডেভিলরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পিএসজির মাঠে গিয়ে তাদের হারানো।
ম্যানইউতে আসার আগে নরওয়ের ক্লাব মলডের কোচ ছিলেন তিনি। সেই ক্লাব জানুয়ারিতেই ম্যানইউতে ভালো করায় সোলসকায়েরকে শুভেচ্ছা পাঠায়। প্রিয় ক্লাবের কোচ হওয়ার ইচ্ছা নিজেরও যে ছিল না তা লুকাননি সোলসকায়ের। ম্যানইউর ওয়েবসাইটে চুক্তি স্বাক্ষরের পর জানান, ‘খ-কালীন কোচ হওয়ার প্রথম দিন থেকেই স্থায়ী হওয়ার ইচ্ছা ছিল আমার। এই বিশেষ ক্লাবটিকে আমি নিজের ঘর মনে করি। খেলা ছাড়ার পর যখন কোচ হই তখন একটাই স্বপ্ন ছিলÑ ম্যানইউর কোচ হব। লম্বা সময়ের জন্য আমার স্বপ্নপূরণ হয়েছে এটা ভাবতেই আমি রোমাঞ্চিত হয়ে পড়ছি। আমি আশা করি সমর্থকদের জন্য চলমান সাফল্য ধরে রাখতে পারব।’
