কিংবদন্তি পপ গায়ক এলভিস প্রিসলির বায়োপিকে অভিনয় নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনা চলছে টম হ্যাঙ্কসের। এই সিনেমার তাকে দেখা যাবে গায়কের ম্যানেজার টম পার্কারের চরিত্রে।
ভ্যারাইটি ডটকম এক প্রতিবেদনে জানায়, নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন বাজ লুরম্যান। চিত্রনাট্য লিখছেন ক্রেগ পার্সি। প্রযোজনা করবে ওয়ার্নার ব্রস।
যখন সংগীতের মঞ্চে প্রিসলি একদমই আগন্তুক, তখন তাকে আবিষ্কার করেন পার্কার। এরপর গায়ককে মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করে তোলেন। প্রিসলির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সঙ্গে জড়িয়ে আছে পার্কারের নাম। এর মধ্যে রয়েছে আরসিএ কোম্পানির সঙ্গে গান প্রকাশের চুক্তি ও সফল অভিনয় ক্যারিয়ার।
সিনেমার পরিকল্পনা থেকেই পার্কার চরিত্রে একজন নামজাদা অভিনেতাকে চাইছিলেন লুরম্যান। আর প্রিসলি চরিত্রে নতুন কোনো মুখ খুঁজছেন। শিগগিরই এ নিয়ে পরিচালক পদক্ষেপ নেবেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানাচ্ছে, সিনেমাটির বাজেট এখনো ঠিক হয়নি। তবে হ্যাঙ্কস যদি অভিনয়ের রাজি হন তাকে প্রযোজনা সংস্থা দ্রুতই এগিয়ে আসবে। লুরম্যানও আশা করছেন, চলতি বছরে সিনেমাটির দৃশ্যায়ন শুরু হবে।
অবশ্য বাস্তব চরিত্রে টম হ্যাঙ্কস এবারই প্রথম নন। এ ধরনের সিনেমার মধ্যে রয়েছে অ্যাপোলো থার্টিন, দ্য পোস্ট, সুলি, ক্যাপ্টেন ফিলিপস ও সেভিংস মিস্টার ব্যাঙ্কস। এ ছাড়া সনি পিকচার্সের ‘আ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড’ সিনেমায় তাকে দেখা যাবে টিভি ব্যক্তিত্ব ফ্রেড রজার্সের চরিত্রে। এ অভিনেতাকে সামনে দেখা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনানির্ভর ‘গ্রেহাউন্ড’-এ। আর কণ্ঠ শোনা যাবে অ্যানিমেশন সিনেমা ‘টয় স্টোরি ফোর’-এ।
