সাকিব না থাকলেও জিতেছে হায়দরাবাদ

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১২:১৯ এএম

সঞ্জু স্যামসনের ঝড়ো সেঞ্চুরিতে দুইশোর কাছাকাছি সংগ্রহ নিয়েও স্বস্তি পেল না রাজস্থান রয়্যালস। কিন্তু ডেভিড ওয়ার্নার, জন বেয়ারস্টো, বিজয় শঙ্করদের দাপুটে ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নিয়েছে সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নামা সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলে শুক্রবার নিজেদের মাঠ রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাজস্থানকে ৫ উইকেটে হারায় হায়দরাবাদ। ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় ছয় বল বাকি থাকতেই ৫ উইকেটে ২০১ রান করে তারা।

চলতি আইপিএলে এখন পর্যন্ত নিজেদের দুই ম্যাচের মধ্যে এটা হায়দরাবাদের প্রথম জয়। গত রোববার কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরেছিল তারা।

রাজস্থানের বিপক্ষে হায়দরাবাদের একাদশে ছিলেন না সাকিব আল হাসান। কেন উইলিয়ামসন দলে ফেরায় কপাল পুড়ে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে দুই উইকেটে ১৯৮ রান করে রাজস্থান। ৫৫ বলে ১০ বাউন্ডারি ও চার ছক্কায় ১০২ রান করেন স্যামসন। চলতি আইপিএলে এটা কোনো ব্যাটসম্যানের প্রথম শতক। ৪৯ বলে চার চার ও তিন ছক্কায় ৭০ রান করেন অজিঙ্কা রাহানে।

জবাবে ১১০ রানের জুটি গড়ে হায়দরাবাদকে উড়ন্ত সূচনা এনে দেন ওয়ার্নার ও বেয়ারস্টো। ৩৭ বলে ৬৯ রান করে বেন স্টোকসের বলে উইকেট ছাড়া হন ওয়ার্নার। বেয়ারস্টো করেন ৪৫ রান। তেমন সুবিধা করে উঠতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসন (১৪)। উইকেট ছাড়ার আগে ১৫ বলে ৩৫ রান করেন বিজয়।

রশিদ খানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে বাকি কাজ সাড়েন ইউসুফ পাঠান। ইউসুফ ১২ বলে ১৬ ও রশিদ ৮ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত