তৃতীয়বারের মতো ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী টেরিজা মের ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান করলেন এমপিরা। গতকাল শুক্রবার আয়োজিত ভোটে টেরিজার ব্রেক্সিট চুক্তির পক্ষে ২৮৬ জন এমপি ভোট দিলেও বিপক্ষে দিয়েছেন ৩৪৪ জন। বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বলে জানিয়েছে বিবিসি। হারের প্রতিক্রিয়ায় টেরিজা বলেন, ‘এপ্রিলের ১২ তারিখ যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে হবে। এখন সময় আছে মাত্র ১৪ দিন।’ তৃতীয়বার টেরিজা ভোটে হারার পর প্রতিক্রিয়ায় টাস্ক এক টুইটবার্তায় বলেন, ‘ব্রিটিশ
পার্লামেন্টে বিচ্ছেদ চুক্তি প্রত্যাখ্যান হওয়ায় আমি এপ্রিলের ১০ তারিখ ইউরোপিয়ান কাউন্সিলের জরুরি সম্মেলনের ডাক দিচ্ছি।’
বিবিসি বলছে, শুক্রবারের ভোটে হারের মধ্য দিয়ে টেরিজা তার সরকারের এবং ব্রেক্সিট প্রক্রিয়ার নিয়ন্ত্রণ হারাল পুরোপুরি। এই শুক্রবারই ছিল ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার নির্ধারিত সময়। কিন্তু গত সপ্তাহে প্রধানমন্ত্রী ইউরোপিয়ান নেতাদের ব্রেক্সিট বিলম্বে আরও সময়ের আবেদন করেন। শর্তসাপেক্ষে দুই মাস সময় বাড়ানোর কথাও জানায় ইইউ। কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১২ এপ্রিল।
আগামী ১০ ও ১১ এপ্রিল ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের জরুরি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনেই যুক্তরাজ্যের ভাগ্য নির্ধারিত হবে বলে গত বৃহস্পতিবার এক বক্তব্যে জানিয়েছিলেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।
