বার্সেলোনা ক্লাবে খেলেছেন অনেক বিখ্যাত খেলোয়াড়রা। আবার অনেকে এই বার্সেলোনায় খেলেই পেয়েছেন তারকা খ্যাতি। ইয়োহান ক্রুইফ থেকে শুরু করে ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো, রিভালদো, জাভি, আন্দ্রেস
ইনিয়েস্তাসহ আরও অনেকে খেলেছেন বা খেলছেন কাতালান ক্লাবটিতে। সেই তালিকায় আছেন বর্তমান সময়ের তারকা লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজরাও। খেলার সময় কতই তো গোল করেছেন তারা। কিন্তু যদি সেরা গোলের তালিকা তৈরি করতে বলা হয় তাহলে হয়তো দ্বিধায় পড়বেন। বার্সেলোনা তাদের ক্লাব ইতিহাসের সেরা তিন গোল বাছাই করতে এক অনলাইন ভোটের আয়োজন করেছিল। সমর্থকরা এতে ভোট দেন। তাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করা সেরা তিনটি গোলই আর্জেন্টাইন তারকা মেসির।
২০০৬-০৭ মৌসুমে কোপা দেল রে’র সেমিফাইনালে গেতাফের বিপক্ষে মেসির করা গোলটি পায় সর্বোচ্চ ৪৫ শতাংশ ভোট। মধ্যমাঠে পাওয়া বল চারজন খেলোয়াড় ও গোলকিপারকে কাটিয়ে গোলটি করেছিলেন তিনি। অনেকেই মেসির এই গোলকে তুলনা করেন তারই স্বদেশি কিংবদন্তি ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা গোলটির সঙ্গে। ২৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে ২০১৪-১৫ সালের কোপা দেল রে ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে করা গোলটি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে ২০১০-১১ সালে করা গোলটি ১৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করেছে।
স্পেনের সার্জিও রবের্তোর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে করা গোলটি রয়েছে চতুর্থ স্থানে। সেই গোলের ফলে ৬-৫ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল বার্সা। ভোটের জন্য বিবেচনায় দেওয়া হয়েছিল মোট ৬৩টি গোল। ১৬০টির বেশি দেশের বার্সা সমর্থকরা এই ভোটে অংশ নিয়েছিল। ভোট পড়েছে পাঁচ লাখেরও বেশি।
