উমরাহ শেষে দুই দিন আগে সৌদি আরব থেকে ফেরেন। গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ড শুরুর কয়েক মিনিট আগে যান বনানীর এফ আর টাওয়ারের অফিসে। এরপরই সব শেষ। শুধু মৃত্যুর আগে স্ত্রী ফাতেমা বেগমকে ফোন করে বলেছিলেন, ‘আমাদের অফিসে আগুন লেগেছে। কী হয় বলা যায় না। আমার জন্য দোয়া কোরো। অন্যদেরও দোয়া করতে বোলো।’ বিকেলেই খবর আসে মো. পারভেজ সাজ্জাদের (৪৬) নিহতের।
রাজধানীর ওই বহুতল ভবনের ১১ তলায় অবস্থিত শ্রীলঙ্কাভিত্তিক স্কিন ওয়েল কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বলুগ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সাজ্জাদ। গতকাল শুক্রবার বেলা ১০টায় বাড়ির মসজিদের পাশে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
