জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যপরিচালক তানজিল আলম। তার ঈগলস ড্যান্স কোম্পানি সারা বছর বড় বড় আয়োজনের সঙ্গে জড়িত থাকে। তবে সম্প্রতি জনপ্রিয় তারকাদের নিয়ে একাধিক শো করে সবার নজর কেড়েছে দলটি। গত পরশু র্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা মাতাল ঈগলস ড্যান্স কোম্পানি। দলপ্রধান তানজিল আলমের কোরিওগ্রাফিতে মঞ্চ মাতালেন এ সময়ের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ, মেহজাবিন চৌধুরী, তমা মির্জা, নিরব, ইমন ও শাহতাজ। আর ‘বাংলালিংক ফ্যামিলি নাইট’ অনুষ্ঠানে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই কোরিওগ্রাফারের পরিচালনায় নাচলেন ছোট পর্দা থেকে জনপ্রিয় জুটি হয়ে ওঠা সিয়াম ও মেহজাবিন। এই অনুষ্ঠানে আরও পারফর্ম করেন নুসরাত ফারিয়া। এর কয়েক দিন আগেই ফারিয়া আরটিভির দুটি অনুষ্ঠানে তানজিলের কোরিওগ্রাফিতে নাচের ঝড় তোলেন। একটি ছিল আরটিভি স্টার অ্যাওয়ার্ড, অন্যটি আলোকিত নারী সম্মাননা। তানজিল আলম জানান, আয়োজকরা সব সময় জনপ্রিয় তারকাদের চান তাদের অনুষ্ঠানে। ইদানীং আমাদের দেশের প্রথম সারির তারকারা স্টেজ শোয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। ফলে আমি কাজ করে অনেক বেশ সাড়া পাচ্ছি। বিশেষ করে সিয়ামকে নিয়ে আমি একাধিক অনুষ্ঠান করেছি। ভবিষ্যতে তাকে নিয়ে আরও কয়েকটি বড় স্টেজ শো করার পরিকল্পনা রয়েছে।
×
