রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্কের কথা কারো অজানা নেই। শুরু থেকেই কেউই এই সম্পর্কটাকে নিয়ে কোনো লুকোচুরি খেলেননি। গত বছর সম্পর্কের শুরুর দিকে আলিয়ার সঙ্গে তার সম্পর্কের কথা এক সাক্ষাৎকারে খোলামেলাভাবেই জানিয়েছিলেন রণবীর। আবার আলিয়াও কখনো এই সম্পর্কের কথা অস্বীকার করেননি।
সম্প্রতি, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চে রণবীরকে তার জীবনের বিশেষ মানুষ হিসেবে উল্লেখ করে প্রকাশ্যেই 'আই লাভ ইউ' বলে বসেন আলিয়া। যা শুনে কিছুটা লজ্জা পেয়ে দর্শকাসনে বসা রণবীর হাত দিয়ে মুখ ঢাকেন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও রণবীরকে আলিয়া জীবনের বিশেষ মানুষ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে সেরা অভিনেতার পুরস্কার নিতে ওঠার সময় রণবীরও আলিয়াকে প্রকাশ্যে চুম্বন করেন।
তবে সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলিয়া যা বলেছেন, তা শুনলে হয় এই জুটির ভক্তরা কিছুটা অবাক হবেন।
নায়িকা রণবীরের সঙ্গে তার সম্পর্কটাকে 'অসাধারণ বন্ধুত্ব' বলে ব্যাখ্যা করেছেন। ফিল্মফেয়ারের তরফে আলিয়াকে প্রশ্ন করা হয় তিনি রণবীরের মতো এমন কঠিন মানুষকে তিনি কীভাবে সামলান? আলিয়াকে উত্তরে বলেন, “রণবীর কোনো কঠিন বা জটিল মানুষ নন। ও একটা রত্ন।”
আলিয়া বলেন, “এটা কোনো প্রেম নয়, এটা বন্ধুত্ব। আমি এই কথাটা সততার সঙ্গেই বলছি। আর এটা একটা অসাধারণ অনুভূতি।”
আলিয়া আরও বলেন, “একটা বই আছে যার নাম ‘মাই ব্রিলিয়ান্ট ফ্রেন্ড।’ আর রণবীর ইজ মাই ব্রিলিয়ান্ট ফ্রেন্ড। এতে যেন কারোর নজর না লাগে।”
