দ্বৈত চরিত্রে জাহ্নবীর প্রথম ছবি ‘রুহ আফজা’

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৫:৪৯ পিএম

‘ধাড়াক’-এর মাধ্যমে বলিউডে সফল অভিষেক হয় জাহ্নবী কাপুরের। এখন হাতে আছে দুই ছবি- গুঞ্জন সাক্সেনার বায়োপিক ও করণ জোহরের ‘তাখত’। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আরেকটিতে। এ সিনেমায় নবাগত নায়িকাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।

হরর-কমেডি ধাঁচের সিনেমাটির নাম ‘রুহ আফজা’। জাহ্নবী বিপরীতে অভিনয় করবেন রাজকুমার রাও। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন বরুণ শর্মা। এ খবর জানিয়েছে ফিল্মফেয়ার।

‘রুহ আফজা’ প্রযোজনা করছেন নির্মাতা দিনেশ বিজান। এর আগেও তিনি হরর-কমেডিতে লগ্নি করেছেন। দিনেশ এমন একজন অভিনেত্রীকে চাইছিলেন যার এ ঘরানার সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা একদমই নেই। সেই দিক থেকে জাহ্নবী একদম সঠিক পছন্দ বলে মনে করছেন প্রযোজক।

আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানান, রাজকুমার ও বরুণ কমেডিতে দারুণ অভিনয় করেন। এ ঘরানায় তাদের নিজস্ব অবস্থান রয়েছে। অভিনেত্রী হিসেবে হরর-কমেডিতে অনভিজ্ঞ কাউকে খুঁজছিলেন। তারুণ্যদীপ্ত একটি চরিত্রে দেখা যাবে শ্রীদেবী ও বনি কাপুরের মেয়েকে। প্রযোজক আশা করছেন, তার আস্থার উপর সুবিচার করবেন জাহ্নবী।

ছবিতে জাহ্নবী দুই চরিত্রে অভিনয় করবেন বলেও জানানো হয় বিবৃতিতে। চরিত্র দুটির নাম রুহি ও আফসানা। যারা মন-মেজাজে পুরোপুরি আলাদা। শুধু হরর-কমেডি নয়, দ্বৈত চরিত্রে এবারই প্রথম জাহ্নবী।

‘রুহ আফজা’ পরিচালনা করবেন নবাগত হার্দিক মেহতা। শিগগিরই শুরু হবে সিনেমাটির দৃশ্যায়ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত