রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালনের কথা ছিল।
কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই মানববন্ধনের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে কবে নাগাদ এ কর্মসূচি পালন করা হবে তা জানাননি ফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতা ও জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।
গত ২২ মার্চ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
এদিকে শনিবার জাতীয় ঐক্যফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচি পালনের কথা থাকলেও অনুমতি না পাওয়ায় জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে প্রধান অতিথি থাকবেন ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এছাড়া ফ্রন্টের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
