রিয়াল মাদ্রিদকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে পুনরায় কোচ হয়ে এসেছেন জিনেদিন জিদান। তার পছন্দের তালিকায় ইডেন হ্যাজার্ড, কিলিয়ান এমবাপে আছেন। কিন্তু আর কাকে চান সাবেক ফরাসি লিজেন্ড। গতকাল এক সংবাদ সম্মেলনে স্বদেশি পল পগবাকে ভালোলাগার কথা জানান তিনি। তাহলে কি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সামনের দলবদলেই রিয়ালে আসছেন পগবা! জিদান অবশ্য বলে দিলেন এতটা রোমাঞ্চিত হওয়ার কিছু নেই।
উয়েস্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে জিদান জানান, ‘পবগাকে আমি খুব পছন্দ করি। এটা নিয়ে হইচইয়ের কিছু নেই। কারণ সে আমার দেশের। তার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক। সে মাঠে আক্রমণ ও রক্ষণ দুটোই করতে পারে এবং এমন কিছু করে যা অন্য কেউ করতে পারে না। তাকে আমি পছন্দ করব এটা তো স্বাভাবিক। সে এখন ম্যানইউর ফুটবলার, আমার না। এটাকে সম্মান করতে হবে। তার চেয়েও বড় কথা সে বলেছে রিয়াল মাদ্রিদকে ভালোবাসে, জিদানকে নয়। আর রিয়াল মাদ্রিদ অবশ্যই জিদানের চেয়ে বড়।’ জিদানের কথায় অবশ্য পগবার রিয়ালে আসার সম্ভাবনা ক্ষীণই মনে হচ্ছে।
