বুধবার ছিল ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খানের জন্মদিন। ভক্তরা নানাভাবে তাকে ভালোবাসায়, শুভেচ্ছায় মুড়িয়েছেন দিনভর। কিন্তু বনানী ট্রাজেডির কারণে শাকিব তার জন্মদিনকে ঘিরে সমস্ত আয়োজন স্থগিত করেন। এমনকি ভক্তদের শুভেচ্ছাবার্তার বিপরীতেও তিনি ছিলেন বিষণ্ণ। তবে কিছু ভালোবাসা একেবারে এড়িয়ে যাওয়ার মতো নয়। শাকিব খানের সারা দেশের ভক্তরা মিলে গড়ে তুলেছেন তার নামে ফ্যান ক্লাব। এই ফ্যান ক্লাবের সদস্যরা একত্রিত হয়েছিলেন তাদের প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানাতে। খুব ঘরোয়াভাবে শাকিব সাদরে তাদের সঙ্গে সীমিত আয়োজনে জন্মদিন পালন করেছেন। এ বিষয়ে শাকিব তার ফেইসবুক পেইজে বলেন, ‘ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় আমি সবসময় সিক্ত হয়েছি। তাদের ভালোবাসার কাছে আমি নত। জন্মদিন উপলক্ষে প্রথম প্রহর থেকেই সোশ্যাল মিডিয়া ও মোবাইলে শত শত শুভেচ্ছাবার্তা এসেছে। বনানীর ভয়াবহ অগ্নিসংযোগের কারণে মন খারাপ ছিল। সন্ধ্যায় অফিসে আমার অফিশিয়াল ফ্যানস ক্লাব টিম শাকিব খানের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটালাম। তারা নিজেদের মতো করে উদযাপন করছে। তাই তাদের প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতার শেষ নেই।’ বগুড়া থেকে আসা আহাদ রাজীব বলেন, ‘প্রিয় তারকার জন্মদিনে তার সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে? বিপন্ন ঢাকার বিপর্যস্ত দিনে কিছুটা স্মরণীয় সময় কাটিয়েছি।’
×
