কাজ না করেই পৌনে দুই কোটি টাকা তুলে নেওয়ার দুই মামলায় সড়ক বিভাগের প্রকৌশলী ও ঠিকাদারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট জাতীয় মহাসড়ক ও সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দায়িত্বে ছিলেন।
এ ঘটনায় গত ২৬ মার্চ সিলেটের কোতোয়ালি থানায় আলাদা দুটি মামলা হয়। মামলার তদন্ত শেষে গত বৃহস্পতিবার প্রকৌশলী ও ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। যাদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন, সিলেট সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মাসুম আহমেদ, সাবেক উপসহকারীপ্রকৌশলী আনোয়ার হোসেন, সাবেক উপবিভাগীয় প্রকৌশলী আবুল বরকত মো. খুরশীদ আলম, মো. রাসেল, মো. তানভীর হোসেন, সাবেক নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম ও ঠিকাদার লুৎফুর রহমান।
মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট জাতীয় মহাসড়কে কাজ না করে টাকা তুলে নেওয়ার মামলার অনুমোদিত অভিযোগপত্রে ৬২ লাখ ৬১ হাজার ২৬০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাজ না করে টাকা তুলে নেওয়ার মামলার অনুমোদিত অভিযোগপত্রে ১ কোটি ১৩ লাখ ২৩ হাজার ৪১৬ টাকা আত্মসাতের কথা বলা হয়েছে।
