ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো নিছক দুর্ঘটনা না কি এর পেছনে কোনো নাশকতা আছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত।’ গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা : চকবাজার পরবর্তী প্রস্তুতি’ শীর্ষক মতবিনিময় সভায় মেয়র মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কি না সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেন। এছাড়া অতি দাহ্য ৩৫টি রাসায়নিক দ্রব্য টিসিবির মাধ্যমে আনতে ব্যবসায়ীদের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআরের সঙ্গে সমন্বয় করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পুরান ঢাকার বাবুবাজার এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনের ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানান মেয়র। তিনি বলেন, ‘জীবনের বিনিময়ে কোনো ব্যবসা নয়। নিরপরাধ কোনো জীবনহানি যেন না ঘটে সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।’
ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।
