ভিকারুননিসায় নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৩:৫০ এএম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ফেরদৌসী বেগমকে নতুন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মূল ব্রাঞ্চের কলেজ শাখায় বাংলার শিক্ষক। গতকাল শনিবার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়ে কার্যক্রম শুরু করেছেন তিনি।  চলমান স্থায়ী অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।

কর্র্তৃপক্ষ জানিয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাসিনা বেগমকে সরিয়ে কলেজ শাখার ফেরদৌসী বেগমকে নতুন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। হাসিনা বেগম স্থায়ী অধ্যক্ষ নিয়োগে আবেদনকারী হওয়ায় তাকে সরিয়ে নতুন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগ কমিটির সদস্যরা জানান, ভিকারুননিসায় স্থায়ী অধ্যক্ষ নিয়োগ কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে। গত ২৬ মার্চ আবেদন কার্যক্রম শেষ হয়েছে। এরপর পরবর্তী দুই দিনে বাছাই কার্যক্রম শেষ হয়েছে। অধ্যক্ষ নিয়োগে প্রক্রিয়া সম্পন্ন করতে আগামীকাল সোমবার সরকারি প্রতিনিধি প্রদানে ঢাকা জেলা শিক্ষা অফিস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন পাঠানো হবে। সরকারি প্রতিনিধি নিয়োগের পর লিখিত ও মৌখিক পরীক্ষার সময় ঘোষণা করা হবে।

তারা আরও জনান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য ১৬ জন প্রার্থী আবেদন জমা দিয়েছেন। তার মধ্যে নিজ প্রতিষ্ঠানের দুজন প্রার্থী রয়েছেন। নিয়োগ কমিটিতে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যানসহ তিন সদস্য, সরকারি প্রতিনিধি ও অধ্যক্ষসহ পাঁচ সদস্যের একটি কমিটি রয়েছে। এ কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীকে স্থায়ী অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হবে। 

বিষয়টি নিশ্চিত করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার গতকাল দেশ রূপান্তরকে বলেন, স্থায়ী অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সরকারি প্রতিনিধি নিয়োগের ওপর তা নির্ভর করবে। যাচাই-বাছাই কাজ শেষ হয়েছে, এখন নিয়োগ পরীক্ষা ও ফল প্রকাশ করে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা হবে।

তিনি বলেন, আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবেদনকারী হওয়ায় তাকে সরিয়ে আরেকজন সিনিয়র কলেজ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।  সে মোতাবেক শনিবার থেকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।  স্থায়ী অধ্যক্ষ নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আশরাফ তালুকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত