আলিয়ার এখনো বিয়ের বয়স হয়নি, দাবি মায়ের

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১০:৩৫ এএম

রণবীর-আলিয়ার প্রেম নিয়ে বলিউড এখন চাঙ্গা। ঘুরেফিরে একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন তারা? এ বছরেই বিয়ে করছেন এ জুটি, এমন গুঞ্জন উঠলেও আলিয়ার মত, এ মুহূর্তে বিয়ের তাড়া নেই তার।

সংবাদ সংস্থা আইএএনস এক প্রতিবেদনে জানায়, আলিয়ার মা সোনি রাজদানও চান না এ মুহূর্তে বিয়ের পিঁড়িতে বসুক মেয়ে। তার মতে, মেয়ের এখনো বিয়ের সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স হয়নি।

তিনি বলেন, “আলিয়া এখনো অনেক ছোট। খুব অল্প বয়স থেকে সে বলিউডে কাজ করা শুরু করেছে। এর মধ্যেই সে যে সাফল্য দেখিয়েছে, মা হিসেবে তাতেই আমি খুশি।”

তিনি বলেন, “আমি মনে করি কেউ যখন উপযুক্ত কাউকে পছন্দ করে, তাকে বিয়ে করতে যাতে দেরি না করে। কিন্তু তার মানে এ নয় যে, তাড়াহুড়ো করে বিয়ে করতে হবে। আলিয়া তার সারাজীবনের এ সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন অনেক ছোট।”

তবে মেয়ের ব্যক্তিগত সিদ্ধান্তে তার পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই বলে মত তার। সোনি আরও বলেন, “আমি আমার মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি তাকে খুশি দেখতে চাই। তার প্রতি ভালোবাসা ও আশীর্বাদ সবসময়ই থাকবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত