সাকিবের আইপিএল অনিশ্চিত করে তুললেন নবী

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৯:০২ পিএম

জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নারের রেকর্ড গড়া ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। দুজনেই পেলেন সেঞ্চুরি। এরপর ৪ উইকেট তুলে নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এক রকম গুঁড়িয়ে দিলেন মোহাম্মদ নবী। ব্যাটে-বলে দারুণ খেলে দাপুটে এক জয় নিয়ে মাঠ ছাড়ল হায়দরাবাদ।

রোববার আইপিএলে দিনের প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে ১১৮ রানে বিশাল ব্যবধানে হারায় হায়দরাবাদ।

আগে ব্যাট করে ২ উইকেটে ২৩১ রান করেছিল হায়দরাবাদ। জবাবে এক বল বাকি থাকতেই ১১৩ রানে গুটিয়ে গেছে বেঙ্গালুরু। রানের হিসেবে বড় ব্যবধানে জয়ের তালিকায় হায়দরাবাদের এই জয় আইপিএলের ইতিহাসে ষষ্ঠ।

এদিন টানা দ্বিতীয় ম্যাচ ডাগ আউটে কাটাতে হয়েছে সাকিবকে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেললেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে বাদ পড়েন সাকিব। তার জায়গায় খেলতে নামেন কেন উইলিয়ামসন। এদিন আবার উইলিয়ামসনের পরিবর্তে সুযোগ পান নবী।

আর সুযোগ পেয়েই যেন একাদশে নিজের জায়গাটা পাকা করে ফেললেন এই আফগান। একই সঙ্গে সাকিবের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাও আরো চ্যালেঞ্জিং করে তুললেন।

এদিন নবীর বোলিং ফিগার ৪-০-১১-৪। দ্বিতীয় ওভারেই বল হাতে নিয়েছিলেন। শেষ বলে ফিরিয়ে দেন পার্থিব প্যাটেলকে (১১)। পরের ওভারে শিমরন হেটমায়ার (৯) ও এবি ডি ভিলিয়ার্সকে (১) তুলে নেন। নিজের তৃতীয় ওভারটায় ছিলেন উইকেট শূন্য। তবে চতুর্থ ও শেষ ওভারে ফেরান শিভাম দুবেকে (৫)। একাই তুলে নেন চার উইকেট।

তার ঠিক আগের ওভারে সন্দিপ লামিচানে বিরাট কোহলিকে তুলে নেন। পরের বলে রান আউট হন মইন আলি। সব মিলে ৮ ওভার শেষে বেঙ্গালুরুর স্কোর দাঁড়ায় ৩৬/৬। এত বড় লক্ষ্য তাড়ায় এরপর আর জয়ের স্বপ্ন দেখার মতোও কিছু ছিল না বেঙ্গালুরুর দর্শকদের জন্য।

বরং শঙ্কা ছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারতে হয় কিনা। কলিন ডি গ্র্যান্ডহোমের ৩৭, প্রয়াস রায় বর্মণের ১৯ ও উমেশ যাদবের ১৪ রানে অবশ্য সেই লজ্জা এড়াতে পেরেছে কোহলির দল। নবীর ৪ উইকেট ছাড়াও ৩ উইকেট নিয়েছেন সন্দিপ শর্মা।

এর আগে আইপিএলের ইতিহাসে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন হায়দরাবাদ ওপেনার জনি বেয়ারস্টো। ৫৬ বলে ১২ চার ও ৭ ছক্কায় খেলেন ১১৪ রানের ইনিংস। ডেভিড ওয়ার্নার তুলে নেন আইপিএলের ইতিহাসে নিজের চতুর্থ সেঞ্চুরি। ৫৫ বলে ৫টি করে ছক্কা ও চারে অপরাজিত ১০০ রান করেন।

এদিন উদ্বোধনী জুটিতে ১৮৫ রান যোগ করেন বেয়ারস্টো ও ওয়ার্নার। আইপিএলের ইতিহাসে উদ্বোধনী জুটিতে এটি সর্বোচ্চ সংগ্রহ। এ ছাড়া টানা তিন ম্যাচে এই দুই ওপেনার শতরানের জুটি উপহার দিয়েছেন দলকে। আইপিএলের ইতিহাসে যা রেকর্ড।

এ ম্যাচে ইতিহাস হয়েছে আরো একটি। বেঙ্গালুরুর হয়ে অভিষেক হয়েছে প্রয়াস রায় বর্মনের। এদিন এই লেগ স্পিনারের বয়স ছিল ১৬ বছর ১৫৭ দিন। আসরটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ডটি এখন প্রয়াসের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত