খালেদার প্যারোল মুক্তির গুঞ্জন নিয়ে যা বললেন মাহবুব

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১০:১৮ পিএম

দুর্নীতির দুটি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্যারোল নিয়ে যেসব বক্তব্য এসেছে সেগুলো পরস্পরবিরোধী এবং সংশ্লিষ্ট আইনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিজস্ব চেম্বারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খন্দকার মাহবুব।

তিনি বলেন, ‘দণ্ডিত খালেদা জিয়াও প্যারোলে মুক্তি পেতে পারেন। তবে সে ক্ষেত্রে সরকারের সদিচ্ছা এবং তার (খালেদা জিয়া) তা চাইতে হবে।’

বিএনপির চেয়ারপারসনের প্যারোলে মুক্তির চিন্তা হচ্ছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা দলের রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে আমার কোনো সিদ্ধান্ত নেই। প্যারোল মামলা সংক্রান্ত ব্যাপার না। এটি একটি বিশেষ বিধান।’

তিনি আরো বলেন, ‘আমাদের দলের নীতিনির্ধারকরা যদি তাকে পরামর্শ দেন, স্ট্যান্ডিং কমিটি যদি তাকে (খালেদা জিয়া) পরামর্শ দেয়, সে পরামর্শ অনুযায়ী তিনি প্যারোলে যাবেন কি যাবেন না, এটা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত।’

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব বলেন, ‘যখন একটি লোক চরম অসুস্থ হয়ে পড়েন, তখন তার চিকিৎসা দরকার। আর আইন অনুযায়ী আদালতে জামিন পেতে তার অনেক সময় লেগে যেতে পারে। সে ক্ষেত্রে সরকার ইচ্ছা করলে তাকে প্যারোলে মুক্তি দিতে পারেন। চিকিৎসার জন্য দিতে পারেন। বিশেষ কারণেও দিতে পারেন।’

তিনি আরো বলেন, সাজাপ্রাপ্ত আসামি, ‘হাজতি আসামি সবাই বিশেষ বিশেষ ক্ষেত্রে প্যারোলে মুক্তি পেতে পারেন। মৃত্যু, জানাজায় অংশ নেওয়া ইত্যাদি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কেনো সাজাপ্রাপ্ত আসামি বা হাজতি আসামিকে বিশেষ ক্ষেত্রে প্যারোল দিতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই এবং দিন, তারিখও ঠিক নেই। যতদিন সরকার মনে করবে ততদিন দিতে পারে। আর কর্তৃপক্ষ নির্ধারণ করবেন প্যারোল পাওয়া ব্যাক্তি কতদিন বাইরে থাকতে পারবেন, কতদূর তিনি যেতে পারবেন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত  এখানে আইনের কোন বিধান নেই। আদালতের কোনো ভূমিকা নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত