বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০১৯ এ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
উত্তরা এপিবিএন মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট দল ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭৭ রান সংগ্রহ করে।
জবাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট দল ১২.২ ওভারে মাত্র ৪৭ রানে গুটিয়ে যায়।
ডিএমপি ক্রিকেট দলের অধিনায়ক মনিরুল আলম একই সঙ্গে ফাইনাল ও আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। টুর্নামেন্টে পুলিশের বিভিন্ন ইউনিটের ১৬টি ক্রিকেট দল অংশগ্রহণ করে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন। পরে তিনি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
