প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কোনো ছাড় নয়: শিক্ষামন্ত্রী

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১১:২৫ এএম

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কোনো ছাড় দেওয়া হবে না বলে আবারো হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।

শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষার মতোই এইচএসসি পরীক্ষাও প্রশ্নপত্র ফাঁসমুক্ত সম্পন্ন করা হবে। এ কারণে বিশাল কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। নানা ধরনের পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, একটি পাবলিক পরীক্ষা আয়োজনের জন্য বিশাল কর্মযজ্ঞের সঙ্গে কয়েক হাজার প্রশ্নপত্র তৈরি করতে হয়। এসব কাজ করতে গিয়ে খুটি-নাটি কিছু ভুল ধরা পড়ে। এ কারণে এসএসসি পরীক্ষায় অপ্রত্যাশিত কিছু সমস্যা দেখা দেয়। তবে এবার আমরা আরও সতর্কভাবে পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

দীপু মনি বলেন, দেশে নানা ধরনের কোচিং সেন্টার রয়েছে। তবে আমরা সেগুলো আলাদা করতে পারেনি। এ কারণে আজ ১ এপ্রিল থেকে আগামী ৬ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোচিং সেন্টারের সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন, তাদের কারণেই সকল কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে সকল অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকসহ গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী।

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত