নড়াইলে মাটিবহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৮ বছরের শিশু রায়হানের। সোমবার সকাল ৯টার পৌরসভার বরাশুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান বরাশুলা গ্রামের কৃষক বশির মোল্যার ছেলে।
প্রতিবেশী হাফিজুর রহমান জানান, নিহত রায়হানের দাদা মশিয়ার রহমান ও পার্শ্ববর্তী ডুমুরতলা গ্রামের দেলোয়ার হোসেন দুজনেই ট্রলি চালক। স্থানীয় মাটি ও বালু ব্যবসায়ী হাসান মোল্যার অধীনে দুজন দুটি ট্রালি চালিয়ে থাকেন।
ঘটনার সময় তাদের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে থাকা ট্রলির কাছে দাদার সঙ্গে দেখা করতে যায় রায়হান। এসময় ট্রালির পেছনের অংশ ধরে ঝোলাঝুলি করে খেলা করছিল সে।
অপর ট্রলি চালক দেলোয়ার হোসেন ট্রলিটি চালু করে একটু পেছনের দিকে নেয়ার চেষ্টা করে। এসময় ঝুলে থাকা রায়হান ঝাঁকুনিতে পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা দ্রুত রায়হানকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে চিকিৎসাকালেই রায়হানের মৃত্যু হয়।
নড়াইল সদর থানার এসআই রেজাউল করিম জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত করতে রাজি না হওয়ায় নড়াইল জেলা প্রশাসকের বরাবর আবেদনের মাধ্যমে অনুমতি সাপেক্ষে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
