জেমস বন্ড নায়িকা তানিয়া মালেট আর নেই

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৩:১২ পিএম

মারা গেলেন জেমস বন্ড সিনেমার নায়িকা তানিয়া মালেট। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার এই ব্রিটিশ অভিনেত্রী ও মডেলের প্রয়াণের খবর নিশ্চিত করা হয় জেমস বন্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

যুক্তরাজ্যের ব্ল্যাকপুলে ১৯৪১ সালের ১৯ মে তানিয়ার জন্ম। তার বাবা ছিলেন ইংরেজ, মা রাশিয়ান।

মাত্র ১৬ বছর বয়সে ১৯৫৭ সালে মডেলিংয়ে পা রাখেন তানিয়া। পঞ্চাশের শেষ দিকে ও ষাট দশকের মাঝামাঝি পর্যন্ত তার ক্যারিয়ার সীমিত ছিল। ১৯৬৪ সালে মুক্তি পাওয়া বন্ড সিনেমা ‘গোল্ডফিঙ্গার’-এ টিলি মাস্টারসন চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া পরিচিতি পান তিনি। বিপরীতে ছিলেন সিন কনারি।

বিখ্যাত অভিনেত্রী হেলেন মিরনের ফুফাতো বোন তানিয়া। হেলেন তার সম্পর্কে বলেন, “অসম্ভব সুন্দর ও সদয় মনের মানুষ”।

বিকিনি পরা বিজ্ঞাপনের ছবি দেখে প্রযোজক কাবি ব্রকলি ১৯৫৭ সালের ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ ছবির জন্য চেয়েছিলেন তানিয়াকে। কিন্তু চরিত্রটি হাতছাড়া হয়ে যায়। পরে ‘গোল্ডফিঙ্গার’-এ সুযোগ মেলে তার।

জনপ্রিয়তা পেলেও সিনেমা জগতে আর পা বাড়াননি তানিয়া। সচেতনভাবেই এড়িয়ে গেছেন বড়পর্দা।

হেলেন মিরন ২০০৮ সালে প্রকাশিত স্মৃতিকথায় জানান, কিশোরী বয়সেই পরিবারের দায়িত্ব নেন তানিয়া। মডেলিং থেকে পাওয়া টাকা মা ও ভাইকে দিতেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত