যারা ঘুমাতে ভালোবাসেন তাদের জন্য সুখবর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের খুঁজছে চাকরি দেওয়ার জন্য। তাদের কাজ হবে শুধু ঘুমানো। এর জন্য দেওয়া হবে মোটা অংকের বেতন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মহাকাশ অভিযানে যাওয়া অভিযাত্রীদের নিয়ে গবেষণা চালাতেই মূলত এ উদ্যোগ নিয়েছে নাসা। কারণ মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় সেখানে মানুষের শরীর মোটেও পৃথিবীর মতো আচরণ করে না। কিন্তু দিনের পর দিন ঠিকমতো ঘুম না হলে অভিযাত্রী সেখানে কীভাবে কাজ করবেন?
তাই নাসার বৈজ্ঞানিকরা মহাকাশে এমন পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছেন, যেখানে সাউন্ড স্লিপ দিতে পারবেন অভিযাত্রীরা।
এ জন্য ১২ জন পুরুষ ও ১২ জন নারীকে খুঁজছে নাসা। যারা বিশেষভাবে তৈরি বিছানায় দু-মাস টানা শুয়ে থাকতে পারবেন। আর এর জন্য তাদের ১৮৫০০ ডলার করে দেবে নাসা, বাংলাদেশি টাকায় যা সাড়ে ১৫ লাখেরও বেশি।
তবে তাদের বয়স হতে হবে ২৪ থেকে ৫৫ বছরের মধ্যে। এই দুমাসের মধ্যে ৬০ দিন পর মাত্র একবার বিছানা থেকে ওঠা যাবে। টয়লেট এমনকি গোসল করতে যাওয়াও চলবে না।
