এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘যদি একদিন’

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৬:২৪ পিএম

৮ মার্চ মুক্তি পায় মুহম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’। এ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র নায়ক হিসেবে হাজির হন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। সঙ্গে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবিতে অভিনয় করেন ঢাকাই ছবির নতুন ক্রেজ তাসকিন আহমেদও।

মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে অন্যরকম উত্তেজনা লক্ষ করা গেছে। ফলে ২২টি সিনেমা হলে মুক্তি পেলেও ধীরে ধীরে হল সংখ্যা বেড়েছে। শুধু তাই নয়, সিনেপ্লেক্স গুলোতেও সিনেমাটির শো সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ ব্লক বাস্টার সিনেমাস শো সংখ্যা বাড়াল।

দেশের গণ্ডি পেরিয়ে ছবিটি বিদেশের মাটিতেও মুক্তি পায়। ২২ মার্চ থেকে কানাডায় চলছে ‘যদি একদিন’। ৩১ মার্চ থেকে ছবিটি চলছে সিডনীতে। এরই ধারাবাহিকতায় ৫ এপ্রিল ছবিটি মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে।

পরিচালক রাজ দেশ রূপান্তরকে বলেন, ‘‘ছবিটির রেসপন্স বেশ ভালো পাচ্ছি। দেশে তো বটেই বিদেশেও ছবিটি ভালো ব্যবসা করছে। গতকাল অস্ট্রেলিয়ার সিডনীতে ছবিটি মুক্তি পেয়েছে। ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ‘যদি একদিন’।’’

নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বোস্টন, সান ফ্রান্সেসকো, ভার্জিনিয়া, বাল্টিমোর-সহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যে ছবিটি মুক্তি পাবে। শুধু তাই নয়, ফ্রান্স, আয়ারল্যান্ডসহ আরো বেশ কিছু দেশে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

যদি একদিন ছবিতে আরও অভিনয় করেছেন শিশুশিল্পী রাইসা, সাবেরি আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশার প্রমুখ। ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। গান করেছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি ও নাভেদ পারভেজ। ‘যদি একদিন’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত