ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। বঙ্গবন্ধুর জীবনী অবলম্বনে এ ছবিটি নির্মাণ করবেন ভারতের বরেণ্য পরিচালক শ্যাম বেনেগাল।
এদিকে ছবিটি নিয়ে কথা বলতে ঢাকায় আসছেন শ্যাম বেনেগাল। আজ সোমবার রাতে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানা যায়, শ্যাম বেনেগাল চার দিন ঢাকায় থাকবেন। মঙ্গলবার সকালে তিনি দেখা করবেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে। তিনি এ দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গেও কথা বলবেন। ৩ এপ্রিল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
বঙ্গবন্ধুর জীবনীর ওপর পড়াশোনা ও গবেষণা করে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শ্যাম বেনেগাল। কাজের অগ্রগতি নিয়ে কথা বলার লক্ষ্যেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
ছবির নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি। তবে শ্যাম বেনেগাল চান এ চরিত্রে বাংলাদেশ থেকেই কাউকে বেছে নেওয়া হোক। আর চরিত্রটির জন্য অবশ্যই রোগা গড়নের অভিনেতা খুঁজছেন তিনি। কারণ জীবনের বেশি অংশ শেখ মুজিব নিজেও কিন্তু বেশ সরু আর রোগা ছিলেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মনোভাবই ব্যক্ত করেছেন শ্যাম বেনেগাল। এদিকে গত বছর আগস্টে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে বাংলাদেশ থেকে একজন পরিচালক থাকবেন।
এদিকে ছবিটি নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও ভারত থেকে ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ২০২০ সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে এই টিম।
