তালাবদ্ধ ঘর থেকে প্রবাসী দম্পতির লাশ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৭:১০ পিএম

আশুলিয়ায় একটি বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে সৌদি প্রবাসী মো. পিয়ার আলী ও তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে নবীনগর কুরগাঁও এলাকার নিজ বাসা থেকে তাদের মৃতদেহ দুটি উদ্ধার করেছে আশুলিয়ার থানা পুলিশ।

নিহতরা হলো- টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ফতেপুর গ্রামে সৌদি প্রবাসী মো. পিয়ার আলী (৪০) ও তার স্ত্রী বুলবুলি আক্তার (৩৫)।

পিয়ার আলী কয়েকদিন আগে সৌদি থেকে ছুটিতে দেশে ফেরেন এবং তার স্ত্রী এলাকায় বিভিন্ন বাসায় গৃহশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পড়াতেন বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার অনেক বেলা হয়ে যাওয়ার পরেও পিয়ার আলী ও তার স্ত্রী ঘর থেকে বের না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। এসময় অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি আশুলিয়া থানায় জানানো হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় স্বামী পিয়ার আলী এবং বিছানা থেকে স্ত্রী বুলবুলির মৃতদেহ উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম মিয়া বলেন, নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাদের সাথে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত