ফাগিওলি খেলেন ইসকোর মতো

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১২:১৬ এএম

ইতালির ফুটবলে কখনো প্রতিভার অভাব হয়নি। কিন্তু রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর কী যেন হয়েছে আজ্জুরিদের। প্রতিভার আকাল দেখা দিয়েছে। সবাই শঙ্কিত এই দেশটির ফুটবল ভবিষ্যৎ নিয়ে। কিন্তু শঙ্কার যে খুব বেশি কারণ নেই সে কথা বোঝাতেই যেন ইতালি ফুটবলের ভবিষ্যৎ আকাশে উঠে এসেছেন নিকোলো ফাগিওলি। রিয়াল মাদ্রিদের ইসকোর খেলার সঙ্গে অনেক মিল তার। ফলে ইতালির ইসকো নামেও ডাকা হচ্ছে তাকে। ২০০১ সালের ১২ ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া ফাগিওলি খেলেন জুভেন্তাসে। কখনো মিডফিল্ডার তো কখনো ফরোয়ার্ড পজিশনে অভ্যস্ত। গত বছর জুলাইতে জুভেন্তাসের হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমে গোল পাননি। কিন্তু দ্বিতীয় ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে গোল করেছিলেন। এর চেয়েও বড় কথা, গত বছর সেপ্টেম্বরে এক সংবাদ সম্মেলনে জুভেন্তাসের ম্যানেজার মাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছিলেন, ‘তাকে ফুটবল পায়ে খেলতে দেখাটা দারুণ আনন্দের।’ এমনি এমনি নিশ্চয়ই প্রশংসা করেননি তিনি। আসলে ফাগিওলির ফুটবল অ্যাপ্রোচ আর রক্ষণকে বোকা বানানোর অবিশ্বাস্য ক্ষমতাই কোচের প্রশংসা আদায় করে নিয়েছিল। এখন দেখার ভবিষ্যতে এ তরুণ তুর্কি ইতালির মুখ উজ্জ্বল করতে পারেন কি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত