দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে পুরনো ক্রীড়া পুরস্কারের প্রবর্তক বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের এই সংগঠন ৬ এপ্রিল আয়োজন করতে যাচ্ছে তাদের বার্ষিক অনুষ্ঠান কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। ২০১৮ সালে ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখা ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষকদের দেওয়া হবে এই পুরস্কার। এবার বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ ২০১৮-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন জাতীয় দলের উইকেটকিপার মুশফিকুর রহিম, মহিলা জাতীয় দলের ক্রিকেটার রুমানা আহমেদ এবং শুটার আবদুল্লাহ হেল বাকী। এই তিনজনের মধ্যে সেরাকে বেছে নেওয়া হবে অনুষ্ঠানের দিন।
গতকাল এ উপলক্ষে সংবাদ সম্মেলনে বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেন। এবার ১২টি বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। বর্ষসেরা ক্রীড়াবিদের পাশাপাশি গত তিন বছর ধরে বিএসপিএ পপুলার চয়েস অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে। ভক্তদের ভোটে নির্বাচিত একজনকে সেদিন পুরস্কৃত করা হবে। পপুলার চয়েস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় মুশফিক, রুমানা ও বাকী ছাড়াও আছেন তামিম ইকবাল। এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য শুভকামনা জানানো হবে। এ নিয়ে চতুর্থবারের মতো এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি পৃষ্ঠপোষণা দিচ্ছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
পুরস্কারের জন্য অন্যান্য বিভাগে মনোনীতরা হলেনÑ মুশফিকুর রহিম (বর্ষসেরা ক্রিকেটার), তপু বর্মণ (বর্ষসেরা ফুটবলার), আবদুল্লাহ হেল বাকী (বর্ষসেরা শুটার), শাপলা আক্তার (বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়), গোলাম রব্বানী ছোটন (বর্ষসেরা কোচ), নাজমুল হাসান পাপন (বর্ষসেরা সংগঠক), মাহাদী হাসান আলভী ও সিরাত জাহান স্বপ্না (উদীয়মান ক্রীড়াবিদ), ফজলুল ইসলাম ও মনসুর আলী (তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব), নাজমুন নাহার বিউটি (বিশেষ সম্মাননা) এবং বসুন্ধরা গ্রুপ (বর্ষসেরা পৃষ্ঠপোষক)।
গতকাল সংবাদ সম্মেলনে আয়োজনের বিএসপিএ সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ, যুগ্ম সম্পাদক মিথুন আশরাফ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার ফজল মাহমুদ রনি। ৬ এপ্রিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
