কুরানের হ্যাটট্রিকে পাঞ্জাবের অবিশ্বাস্য জয়

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১২:৫৫ এএম

ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য গল্প লিখল কিংস ইলেভেন পাঞ্জাব। ইংলিশ পেসার স্যাম কুরানের হ্যাটট্রিকে আইপিএলে নিজেদের তৃতীয় জয় তুলে নিল দলটি। দিল্লি ক্যাপিটালসকে তারা হারাল ১৪ রানে।

সোমবার দিনের একমাত্র ম্যাচে জয়ের পাথে থাকা দিল্লি হঠাৎই খেই হারায়। ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬ ওভার শেষে ৩ উইকেটে ১৩৭ রান করে ফেলে দলটি। শেষ ৪ ওভারে ৩০ রান প্রয়োজন ছিল তাদের, হাতে ৭ উইকেট। কিন্তু আর ৮ রান যোগ করতেই সাত-সাতটি উইকেট পড়ল দিল্লির। হ্যাটট্রিকসহ যার চারটিই তুলে নিয়ে পাঞ্জাবকে উল্লাসে মাতালেন কুরান।

মোহালিতে টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৬ রান করেছিল রবিচন্দ্রন অশ্বিনের পাঞ্জাব। জবাবে ৫ বল বাকি থাকতে ১৫২ রানে গুটিয়ে গেছে রিশভ পন্তের দিল্লি।

শেষ চার ওভারের নাটকে ম্যাচটা জিতে পাঞ্জাব। মোহাম্মদ শামির করা ১৭তম ওভারে জোড়া উইকেট হারায় দিল্লি। দলীয় সর্বোচ্চ ৩৯ রান করে ফিরে যান রিশভ পন্ত। পরের বলেই শূন্য রানে রান আউট হয়ে ফেরেন ক্রিস মরিস।

১৮তম ওভারে কুরান মাত্র ৪ রান ব্যয় করে তুলে নেন ২ উইকেট। চতুর্থ বলে ফেরান ৩৮ রান করা কলিন ইনগ্রামকে। ওভারের শেষ বলে ফিরিয়ে দেন হার্শাল প্যাটেলকে।

তাতে শেষ দুই ওভারে ৩ উইকেট হাতে নিয়ে ১৯ রানের সমীকরণ দাঁড়ায় দিল্লির সামনে। মোহাম্মদ শামির করা ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৪ রান নিতে পেরেছে দলটি। শেষ ওভারে তাই ১৫ রান প্রয়োজন পড়ে দিল্লির।

কিন্তু প্রথম দুই বলেই তুলে নেন ২ উইকেট। তাতে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। কুরান এবারের আইপিএলে প্রথম বোলার হিসেবে পান হ্যাটট্রিকের স্বাদ।

মাত্র ২.২ ওভার বল করে ৪ উইকেট নিয়েছেন কুরান। শামি ও অশ্বিন নিয়েছেন ২টি করে উইকেট।

এর আগে ডেভিড মিলারের ৪৩, সরফরাজ খানের ৩৯ ও মানদিপ সিংয়ের অপরাজিত ২৯ রানে লড়ার পুঁজি গড়েছিল পাঞ্জাব। দিল্লির পক্ষে ৩ উইকেট নেন ক্রিস মরিস। ২টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও সন্দিপ লামিচানে। ম্যাচসেরা হয়েছেন স্যাম কুরান।

চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে এখন পাঞ্জাব। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেই সমান পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই। দিল্লির চার ম্যাচের এটি দ্বিতীয় হার। ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত