৪০তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখক দেবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। যেসব প্রার্থীর শ্রুতিলেখকের প্রয়োজন আগামী ৯ এপ্রিল অফিস চলাকালে শ্রুতিলেখক নেওয়ার জন্য তাদের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার পিএসসি প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম মধ্যে যারা শ্রুতিলেখক চান তাদের ৯ এপ্রিল অফিস চলাকালীন বিপিএসসির প্রধান কার্যালয় আগারগাঁওয়ে আবেদন ফরম জমা দিতে হবে। আবেদনের সঙ্গে অনলাইন আবেদনপত্রের কপি, প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের ডাক্তারি প্রত্যয়নপত্র, সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক বা সমমর্যাদাসম্পন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারী প্রার্থীরা শুধু অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবেন। তবে আবেদন না করলে শ্রুতিলেখক পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
