বিশ্বকাপের বল মাঠে গড়াতে যখন বাকি মাত্র দুই মাস তখন বড় এক দুঃসংবাদ শুনতে হয়েছে বাংলাদেশ দলকে। বড় ধরনের চোটে পড়েছেন দলের ‘পঞ্চপাণ্ডবের’ একজন মাহমুদউল্লাহ। বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তার ব্যাপারটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কাঁধের চোটে ভুগছেন মাহমদুল্লাহ। ইনজুরিটি বেশ জটিল, গ্রেড-থ্রি টিয়ারের। মাস কয়েক আগে কাঁধের ইনজুড়িতে ভুগছিলেন। নিউজিল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টে একই জায়গায় চোটে পড়েছিলেন তিনি। তখনই এমআরআই করানো হয়। বিশ্রাম ও পুনর্বাসন শেষে যদি ভালো না হয়। অস্ত্রোপচারের দরকার পড়তে পারে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সোমবার মাহমুদউল্লাহর একটি এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন তাঁরা। নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাঁধে চোট পান রিয়াদ। সেখানেই তাঁর এমআরআই সম্পন্ন করা হয়। সেই রিপোর্টটি বিসিবির হাতে এসেছে। রিপোর্টে মাহমুদউল্লাহর ইনজুরিটা ‘গ্রেড-থ্রি টিয়ারে’র বলে উল্লেখ করা হয়েছে।
এমন ইনজুরির সংবাদ পাওয়ার পরপরই মাহমুদউল্লাহকে ১৫ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রামের পর তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সম্পূর্ণ সুস্থ হয়ে না উঠলে অস্ত্রোপচার করাতে হবে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। এতে করে মাহমুদউল্লাহর বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে যেতে পারে।
বাংলাদেশ দলের বর্তমান স্কোয়াডে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকের সঙ্গে পঞ্চপাণ্ডবের একজন বলা হয় মাহমুদউল্লাহকে।
২০১৫ ক্রিকেট বিশ্বকাপে তারকা খ্যাতি ছড়ায় বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এই সদস্যের। ছয় ইনিংসে দুটি সেঞ্চুরি ও একটি হাফিসেঞ্চুরিসহ করেছিলেন ৩৮০ রান। এর মধ্যে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে শতক হাঁকান ডানহাতি এই ব্যাটসম্যান।
