নবীনগরে নির্বাচনী পরবর্তী সহিংসতায় নিহত ১

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৩:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সাঈদুল মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত আটটার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাঈদুল ওই গ্রামের আবুল কালামের ছেলে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামানের সমর্থকরা সোমবার রাতে কুড়িঘর গ্রামে আনন্দ মিছিল করছিল।

এ সময় নৌকার প্রার্থী কাজী জহির সিদ্দিক টিটুর সমর্থকরা তাদের উপর হামলা করে বলে অভিযোগ।

এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং ৬ জন আহত হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সাঈদুলকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, সাইদুলের শরীরে কয়েকটি ছুরিকাঘাত রয়েছে। বুকের নিচে একটি আঘাত অনেক গভীর। রাতেই পুলিশ এ ঘটনায় একজনকে আটক করে নবীনগর থানায় নিয়ে যায়।

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখনো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সাইদুলের লাশের ময়নাতদন্ত করার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত