বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসাসেবায় সন্তুষ্ট বলে দাবি করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম মাহবুবুল হক। তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে দেখে মনে হয়েছে, তিনি আমাদের চিকিৎসায় সন্তুষ্ট।’ গতকাল মঙ্গলবার বিএসএমএমইউ অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান পরিচালক। এদিকে বিএনপির ভাইস চয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।’
সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসকরা দেখেছেন, বোর্ডের প্রেসিডেন্ট দেখেছেন। বিএসএমএমইউতে ভর্তির পর যে ওষুধগুলো তাকে দেওয়া হয়েছিল সেগুলো তিনি নিয়মিত খাচ্ছেন। এক দিনের মধ্যে তার অবস্থা ভালো হয়েছে।’
‘বন্দি থাকার কারণেই কি তার অসুস্থতা বেড়েছে?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘প্রতিটি রোগের বিশেষজ্ঞরা হয়তো আলাদা করে বলতে পারতেন। এক কথায় বলা ডিফিকাল্ট। এভাবে বলা কারও পক্ষেই সম্ভব হবে না। বয়সের সঙ্গে, সবকিছুর সঙ্গে রোগের ব্যাপারটা ঘটে।’
গত বছর যখন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছিল, তখন তিনি সঠিক চিকিৎসা পাননি বলে পরিবার ও বিএনপির পক্ষ থেকে অভিযোগ রয়েছেÑ এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘আগের বিষয়টির ব্যাপারে আমার কিছু জানা নেই। আমি নিজেও এখানে ছিলাম না। আমি এসেছি দুই সপ্তাহ হলো। এ ব্যাপারে না জেনে কিছু বলা ঠিক হবে না।’
তিনি বলেন, ‘গতকাল খালেদা জিয়া আসার পরে তাকে কেবিনে দেওয়া থেকে যেভাবে আমরা শুরু করেছি, আমার মনে হয়Ñ তিনি তার চিকিৎসায় সেটিসফাইড।’
পরিচালক বলেন, ‘গত সোমবার তিনি কথা বলেছেন হাসিখুশি। আজ (গতকাল) বোর্ডের চেয়ারম্যান গিয়েছিলেন; তিনি হাসিখুশি ও সাবলীলভাবে কথা বলেছেন। আগের কথা আমরা না বলি, এবার চিকিৎসা ভালো হচ্ছে।’
খালেদা জিয়ার হাতের জয়েন্টে ব্যথা, হাত নাড়াতে পারেন না এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তিনি হাত নাড়াচ্ছেন। দুই হাতই নাড়িয়ে কথা বলেছেন। তার দুই হাতেরই প্রেসার মাপা হয়েছে।’
খালেদা জিয়ার ডায়াবেটিসের মাত্রা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘তার ডায়াবেটিসের রক্তের সুগার মাপা হচ্ছে। এখনো সেটা নিয়ন্ত্রণে আসেনি। তাকে যে ওষুধ দেওয়া হয়েছে, তা তিনি খাচ্ছেন। বুধবার ডাক্তারা দেখে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিলন মিঞা, হাসপাতালের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম, উপ-পরিচালক খুরশীদ আলম। গত সোমবার দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয় খালেদা জিয়াকে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছর দ- রয়েছে খালেদা জিয়ার। তিনি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন কারাগারে রয়েছেন।
