সামনে বিশ্বকাপ। এই সময়ে কোনো জাতীয় ক্রিকেটারের ইনজুরির কথা শুনলে আঁতকে উঠতেই হয়। আর চোট যদি থাকে সেরা পাঁচের কারও তাহলে তো আরও ভয়ের কথা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানাচ্ছেন, মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ভয়ের কিছু নেই। দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। তার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ের কিছুও দেখছেন না তিনি।
গতকাল মিরপুরে মাহমুদউল্লাহর ইনজুরি নিয়ে আসলে তেমন কিছু বলতে চাচ্ছিলেন না দেবাশীষ। মাত্রই এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন। প্রাথমিকভাবে যা বুঝেছেন তাতে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা মাহমুদউল্লাহর বিশ্রাম প্রয়োজন। ‘আমরা মাহমুদউল্লাহকে দুই সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছি।’ দেবাশীষ বলছিলেন, ‘এরপর সার্বিক অবস্থা দেখা হবে।’ আপাতত সংশয় দেখা যাচ্ছে মাহমুদউল্লাহর মের শুরুতে আয়ারল্যান্ডে শুরু ত্রিদেশীয় সিরিজে খেলা নিয়ে।
অস্ত্রোপচার লাগবে? শোনা যাচ্ছে, কাঁধের ইনজুরিটা নাকি মোস্তাফিজুর রহমানের সেই চোটের মতো। যেটার জন্য ইংল্যান্ডে ফিজকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। একমত হলেন না বিসিবি চিকিৎসক। সেই সঙ্গে এও বুঝিয়ে দিলেন, এই চোটে মাহমুদউল্লাহর বিশ্বকাপ শেষ হয়ে যাবে ভাবাটা অর্বাচীনতা ছাড়া আর কিছু না। এমন ইনজুরি নিয়ে অনেকে খেলে থাকেন আর মাহমুদউল্লাহ তো মূলত বোলার নন। ব্যাটসম্যান।
নিউজিল্যান্ড সফরে কিছুদিন আগে কাঁধে ব্যথা পেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিউইদের বিপক্ষে মার্চে টেস্ট খেলার সময় ফিল্ডিংয়ে ডাইভ দেওয়ার পর ব্যথা বেড়েছিল। পরশু একবার মাঠে এলেও জেনে গেছেন এখন এটাও দরকার নেই। শেখ জামাল ধানম-ি ক্লাবের হয়ে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের শেষ দিকের ম্যাচ খেলতে চেয়েছিলেন। কিন্তু সেটাও হচ্ছে না। আপাতত বিশ্রাম নিয়ে অপেক্ষা সেরে ওঠার।
