নারী নির্যাতন মামলা থেকে ন্যান্সির অব্যাহতি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৩:৪৬ এএম

ছোট ভাইয়ের সাবেক স্ত্রীর করা নারী নির্যাতন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গতকাল মঙ্গলবার নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে ন্যান্সির স্বামী নাজিমুজ্জামান জায়েদও ওই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে ন্যান্সির ছোট ভাই শাহরিয়ার আমান সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা  করেন তার সাবেক স্ত্রী সামিউন্নাহার শানু। ওই মামলায় ন্যান্সি ও তার স্বামীকেও আসামি করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শানুর সঙ্গে বিয়ের কয়েক মাস পর তার বাবার বাড়ি থেকে টাকা ও আসবাবপত্র কিনে দিতে চাপ দিতে থাকেন সানি। অপারগতা প্রকাশ করলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। এই কাজে ন্যান্সি ও তার স্বামীও সহযোগিতা করেন। তারা সানিকে উসকানি দেওয়া ছাড়াও শানুকে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করতেন বলে মামলায় উল্লেখ করা রয়েছে।

বাদীপক্ষের উকিল জীবন কুমার সরকার বলেন, ‘আমার মক্কেলদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের অব্যাহতি দিয়েছে।’ মান-সম্মান ক্ষুণ ও আর্থিক সুবিধা পাওয়ার লোভে তাদের মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. রাসেল আহমেদ খান দেশ রূপান্তরকে বলেন, ‘নারী নির্যাতন ২০০৩ সংশোধনী আইনে ন্যান্সির ভাই সানির বিরুদ্ধে আদালত চার্জ গঠন করছে। বাকি দুজন ন্যান্সি ও তার স্বামী এ ঘটনায় সরাসরি সম্পৃক্ত নন বলে আদালতের কাছে মনে হওয়ায় তাদের অব্যাহতি দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত