নীলফামারীতে ব্রিটিশ হাইকমিশনার

অবমূল্যায়নকারীরাই এখন বাংলাদেশকে মূল্যায়ন করছে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৩:৫৮ এএম

বহির্বিশ্বে নেতিবাচক ধারণা থাকলেও বাংলাদেশ দিন দিন বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করছে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। গতকাল মঙ্গলবার নীলফামারীতে ব্র্যাকের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের প্রশংসা করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘এর আগে বহির্বিশ্বের অনেকে বাংলাদেশকে অবমূল্যায়ন করেছে। তবে দিন দিন ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে          

অসাধারণ উন্নতি করেছে। আর এসব উন্নতির কারণে অনেকে বাংলাদেশকে মূল্যায়ন করতে শুরু করেছে। অনেক দেশই বাংলাদেশকে রোল মডেল হিসেবে নিয়েছে।’ তিনি বলেন, ‘ব্রিটেনের সহায়তায় ব্র্যাকের মতো উন্নয়ন সংস্থার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এখানকার মানুষের জীবনমান বদলে যাচ্ছে।’ বাংলাদেশের সঙ্গে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে জানিয়ে ব্রিটিশ হাই কমিশনার বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশে ব্রিটেনের বিনিয়োগ বাড়াতে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।’ এ সময় জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত