ফের সড়ক-রেলপথ অবরোধ পাটকল শ্রমিকদের

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৯:১৯ এএম

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ৯ দফা দাবিতে কারখানা বন্ধ রেখে বুধবার দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমে অবরোধ ও বিক্ষোভ করছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

বুধবার সকালে রাজধানী ঢাকার ডেমরা এবং বন্দরনগরী চট্টগ্রামে সড়ক অবরোধ করে শ্রমিকরা।

এছাড়া খুলনায় রেলপথ অবরোধ করলে ওই বিভাগের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর আগে পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, নরসিংদীতে শ্রমিকরা আন্দোলনে নামে। চট্টগ্রামে মহাসড়কের পাশাপাশি রেললাইনও অবরোধ করে বিক্ষুব্ধরা।

বিভিন্ন স্থানে আন্দোলনরত শ্রমিক নেতারা জানান, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত হওয়া শ্রমিকদের কাজে পুনর্বহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করাসহ ৯ দফা বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল। ওগুলো বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত