এগিয়ে গিয়েও হার মানল ম্যানইউ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১১:৪৩ এএম

শুরুতেই এগিয়ে যাওয়ার সুবিধাটা কাজে লাগাতে পরেনি ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে পরিণত হয় দশ জনের দলে। আর শেষ দিকে নিজেদের জালে বল জড়িয়ে বসলে উলভারহ্যাম্পটনের মাঠ থেকে হার নিয়ে ফেরে রেড ডেভিলরা।

মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ২-১ গোলে হারে উলে গুনার শুলশারের দল।

ম্যাচের ত্রয়োদশ মিনিচে ২২ গজ দূর থেকে দারুণ এক শটে দলকে এগিয়ে নেন স্কট ম্যাকটমিনে। ইউনাইটেডের হয়ে স্কটিশ এই মিডফিল্ডারের এটাই প্রথম গোল।

ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে রাখতে পারেনি অতিথি দল। ১২ মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় উলভারহ্যাম্পটন। ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জতা।

৫৭তম মিনিটে বড় ধাক্কাটি খায় ইউনাইটেড। জতাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির ডিফেন্ডার অ্যাশলে ইয়ং। আর ৭৭তম মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে ইউনাইটেড।

জোয়াও মতিনিয়োর ক্রসে বল পেয়ে হেড করেন স্বাগতিক ডিফেন্ডার রাউল হিমেনেস। বল পড়ে গোলমুখে। জটলার মধ্যে ইউনাইটেড ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের গায়ে লেগে বল পেরিয়ে যায় বল গোললাইন। এই গোলেই জয় নিশ্চিত হয় উলভারহ্যাম্পটনের।

ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি ইউনাইটেড। এই হারে পঞ্চমস্থানে থাকা দলটির পয়েন্ট দাঁড়িয়েছে ৩২ ম্যাচে ৬১। সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত