‘সিভিল ওয়ার’ সিনেমায় পরস্পরবিরোধী দুই সুপারহিরো দলে নেতৃত্ব দেয় ক্যাপ্টেন আমেরিকা ও আয়রন ম্যান। সর্বশেষ ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ সিনেমায় সেই রেশ বজায় ছিল।
এবার সিরিজের পরের পর্বে তাদের একজোট হতে দেখা যাবে। তেমন আভাস পাওয়া গেল মঙ্গলবার প্রকাশ হওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর স্পেশাল লুকে।
নতুন এই প্রচার ভিডিওতে ব্যবহৃত বেশির ভাগ ফুটেজ দর্শক আগে দেখেছেন। তবে ট্রেলারের চেয়ে ছোট এই ভিডিওতে নতুন কিছু ফুটেজ আছে- যার কারণে মার্ভেল কমিকস ভক্তরা উচ্ছ্বসিত।
সেখানে দেখা যায় আয়রন ম্যান ওরফে টনি স্টার্ক চরিত্রের রবার্ট ডাউনি জুনিয়র ও ক্যাপ্টেন আমেরিকা ওরফে স্টিভ রজার্স চরিত্রের ক্রিস ইভান্স জোট বেঁধেছেন। অবশ্য পৃথিবীকে রক্ষা করতে এর কোনো বিকল্প তাদের হাতে নেই।
ভিডিওটি বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’র মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফিরে এসেছে টনি স্টার্ক। এরপর অ্যাভেঞ্জার্স টিমের টিকে থাকা সদস্যদের নিয়ে মুখোমুখি হয় থানোসের। এখানে থর চরিত্রে আছেন ক্রিস হেমওয়র্থ, থানোস হয়েছে জশ ব্রলিন।
২৬ এপ্রিল মুক্তি প্রতীক্ষিত সিনেমাটিতে আরও আছেন মার্ক রাফেলো, স্কারলেট জোহানসন, জেরেমি রেনার, পল রুড, ব্রি লারসন, কারেন জিলান, ব্র্যাডলি কুপার, টেসা থম্পসন, টম হল্যান্ড, বেনেডিক্ট কাম্বারব্যাচসহ অনেকে।
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পরিচালনা করেছেন দুই ভাই জো ও অ্যান্থনি রুশো।
