ঠিক সময়েই সেরে উঠবেন তো মাহমুদউল্লাহ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৬:৫০ পিএম

বিশ্বকাপের আগে হঠাৎ এক অস্বস্তি ভর করে বাংলাদেশের ক্রিকেটে। দেশের ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডবের’ একজন মাহমুদউল্লাহ রিয়াদ কাঁধে চোট পেয়েছেন। যা তাকে বিশ্বকাপে খেলতে দেবে কিনা এমন চাপা শঙ্কাও ডানা মেলে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ভয়ের কিছু নেই।

মাহমুদউল্লাহর কাঁধের ব্যথাটা পুরোনো। নিউজিল্যান্ড সফরে সেটি আরো বাড়ে। প্রথম টেস্ট তাই এক ওভারের বেশি বোলিং করেননি। বল হাতে নেননি দ্বিতীয় টেস্টেও। ভক্তদের মনে ভয় তাই একটু জাগেই।

তবে মঙ্গলবার দেবাশীষ চৌধুরী বলেছেন, মাহমুদউল্লাহকে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। তার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ের কিছুও দেখছেন না তিনি।

খুশির খবর আছে আরো একটি। সোমবার মাহমুদউল্লাহকে মিরপুরে মুখ ভার দেখা গেলেও বুধবার হাসি খুশি এক মাহমুদউল্লাহর দেখা মেলে। প্রিমিয়ার লিগের কয়েকটি দলের অনুশীলন ছিল এদিন। এর মাঝেই কাগজ হাতে মাহমুদউল্লাহর দেখা মিলে। যে কাগজে লেখা ছিল মাহমুদউল্লাহর পুনর্বাসন প্রক্রিয়ার সূচি।

মাহমুদউল্লাহর অস্ত্রোপচার লাগবে এমনও শোনা যাচ্ছে। তার কাঁধের ইনজুরিটা নাকি মোস্তাফিজুর রহমানের সেই চোটের মতো। যেটার জন্য ইংল্যান্ডে ফিজকে অস্ত্রোপচার করাতে হয়েছিল।

তবে বিসিবি চিকিৎসক এই গুঞ্জনকেও উড়িয়ে দিয়েছেন আগের দিন। মাহমুদউল্লাহর বিশ্বকাপ নিয়ে শঙ্কার কিছু নেই বলেই জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত