ফেসবুকের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপের প্রাইভেসি সেটিংয়ে পরিবর্তন আসছে। কারও অনুমতি ছাড়া তাকে কোনো গ্রুপ চ্যাটে আর অ্যাড করা যাবে না।
এখন পর্যন্ত যে কাউকে যেকোনো সময় গ্রুপ চ্যাটে অ্যাড করা যায়। ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে এত দিন বিরক্ত ছিলেন।
ইতিমধ্যে ভারতে হোয়াটস অ্যাপের এই নতুন সেটিং কাজ করছে। অন্য দেশেও দ্রুত আপডেট করা হবে।
যেভাবে পাওয়া যাবে এই সুবিধা: আপডেট ইনস্টল করার পর ব্যবহারকারীকে অ্যাপের সেটিংয়ে যেতে হবে। সেখানে ‘Account > Privacy > Groups’ এমন দেখা যাবে। এরপর ‘Nobody’, ‘My Contacts’ or ‘Everyone’ অপশন আসবে।
আপনি যদি ‘Nobody’ নির্বাচন করেন, তাহলে প্রত্যেকটি গ্রুপে অ্যাড হওয়ার আগে আপনার কাছে নোটিফিকেশন আসবে। আপনি অনুমতি দিলেই অ্যাড হবে।
‘My Contacts’ নির্বাচন করলে আপনার ফোন নম্বরের তালিকায় যারা আছেন, শুধুমাত্র তারা অ্যাড করতে পারবেন। দুটি ক্ষেত্রেই ব্যক্তিগত একটি ইনভাইটেশন আসবে। তিন দিনের ভেতর সেটি গ্রহণ করতে পারবেন। উত্তর না দিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
‘Everyone’ নির্বাচন করলে আপনার অনুমতি ছাড়া যে কেউ আপনাকে গ্রুপ চ্যাটে অ্যাড করতে পারবে।
সেটিংয়ের এই পরিবর্তনের বিষয়ে হোয়াটস অ্যাপের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সব সময় পরিবার, বন্ধু এবং সহকর্মীদের এক করতে চাই। এ ক্ষেত্রে অনেক সময় ব্যবহারকারীরা গ্রুপ চ্যাটিং করেন। এ ব্যাপারে তাদের আরও নিয়ন্ত্রণ থাকা উচিত।’
‘তাই আমরা নতুন প্রাইভেসি সেটিং আনছি। গ্রুপে অ্যাড হওয়ার ক্ষেত্রে এখন আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন।’
