বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনে দারুণ শুরু করেছেন মুহাম্মদ মুয়াজ। প্রথম রাউন্ডে সিদ্দিকুর রহমানকেও ছাপিয়ে গেছেন এই গলফার।
বুধবার কুর্মিটোলা গলফ কোর্সে আসরের প্রথম রাউন্ড শেষে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান মুয়াজের। পারের চেয়ে ছয় শট কম খেলেছেন এই গলফার। সাতটি বার্ডি ও একটি বোগি করেছেন তিনি।
প্রথম রাউন্ড শেষে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার গলফার মাভেরিক অ্যান্টক্লিফ। তিনি পারের চেয়ে আট শট কম খেলেছেন।
এদিকে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান পারের চেয়ে পাঁচ শট কম খেলে তিনজনের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে অবস্থান করছেন।
এদিকে ভালো করতে পারেননি জামাল হোসেন ও দুলাল হোসেন। দুজনই পারের চেয়ে বেশি শট খেলেছেন। জামাল পারর চেয়ে এক শট ও দুলাল পারের চেয়ে দুই শট বেশি খেলেছেন।
কুর্মিটোলা গলফ ক্লাবে এ নিয়ে পঞ্চমবারের মতো বসেছে এশিয়ান ট্যুরের এই আসর। দেশের ৪০ জন পেশাদার ও ৬ জন অ্যামেচার গলফার অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।
২০১৫ সালে একই ভেন্যুতে আয়োজিত হয় এশিয়ান ট্যুরের প্রথম আসর বসুন্ধরা বাংলাদেশ ওপেন। পৃষ্ঠপোষক ছিল বসুন্ধরা গ্রুপ। এরপর ২০১৬ ও ২০১৭ আসরেও টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে তারা।
গত বছর এশিয়ান ট্যুরের চতুর্থ আসরটি হয়েছে বেসরকারি ব্যাংক ‘এবি ব্যাংক লিমিটেড’-এর পৃষ্ঠপোষকতায়। আর এবার বঙ্গবন্ধুর নামে এই আসরের পৃষ্ঠপোষকতা করছে আরেকটি বেসরকারি ব্যাংক ‘ন্যাশনাল ব্যাংক লিমিটেড’।
