সব ঠিক আছে, তবুও খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায় তাই হয়েছে জনপ্রিয় তারকা দম্পতি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার জীবনে। উটকো ঝামেলায় পড়তে হয়েছে তাদের! বিয়ের তিন মাস পার হতে না হতেই প্রিয়াঙ্কা-নিকের সংসার ভাঙার গুঞ্জন উঠেছে। সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিন এ ধরনের খবর প্রকাশ করে। ওকে ম্যাগাজিন এরই মধ্যে প্রতিবেদনটি সরিয়ে নিয়েছে। তারা ভুল বলেই প্রতিবেদনটি সরিয়ে ফেলেছে। আর সারা পৃথিবী জেনে গেছে খবরটি মিথ্যা। তবে এই খবর প্রকাশের পর ভীষণ রেগেছেন নায়িকা প্রিয়াঙ্কা। ওই ম্যাগাজিনের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিতে চলেছেন তিনি। আইনজীবীর মতে, দুজনেরই পাবলিক ইমেজ নষ্ট করার ক্ষতিপূরণ দাবি করা হবে। প্রিয়ঙ্কার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, সাধারণত সমালোচনাকে এড়িয়ে চলেন এই নায়িকা।
কিন্তু এই খবর প্রকাশিত হওয়ার পর তিনি কষ্ট পেয়েছেন। নায়িকার দাবি, এমন খবরে তার এতদিনের তৈরি ইমেজ নষ্ট হয়েছে। ফলে ম্যাগাজিনের বিরুদ্ধে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করবেন তিনি।
সম্প্রতি আটলান্টায় জোনাস ব্রাদার্সের শো-এ গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে নিক ছাড়াও তার দুই ভাই জো এবং কেভিন উপস্থিত ছিলেন। মঞ্চ থেকেই ইঙ্গিতে প্রিয়াঙ্কাকে ‘আই লাভ ইউ’ বলেন নিক। প্রিয়াঙ্কা-নিকের এমন কোনো আচরণ এখনো ধরা পড়েনি, যেটা দেখে মনে হতে পারে তাদের সংসার ভেঙে যাচ্ছে। নিয়মিতই স্বামী নিকের ছবি টুইটারে পোস্ট করেন প্রিয়াঙ্কা। নিকের কোনো অনুষ্ঠানেও নিজ উৎসাহেই ছুটে যান তিনি। তাদের ভক্তরাও চান তাদের ভালোবাসা দীর্ঘজীবী হোক। এমন ভালোবেসেই সারা জীবন কাটুক তাদের।
তবে প্রিয়াঙ্কা ভক্তদের জন্য সুখবরও আছে। বলিউড জয়ের পর এখন হলিউড জয়ের যে মিশন শুরু করেছেন সাবেক এই বিশ^সুন্দরী, তাতে এবারই হয়তো তুরুপের তাসটি হাতে পেতে চলেছে পিসি। হলিউডে প্রবেশের পর মিলছে অনেক সুযোগ। এই কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘ইজ নট ইট রোমান্টিক’। সঞ্চালনা করছেন ইউটিউব ভ্রমণ সিরিজ। হাতে রয়েছে বেশ কয়েকটি প্রকল্প। কাজ করছেন হিন্দি ছবিতেও। এককথায়, বিশ্বতারকা হয়ে উঠছেন পিসি।
এবার নতুন খবর, জনপ্রিয় মার্ভেল সিরিজ ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর অন্যতম পরিচালক জো রুশো সম্প্রতি কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। একটি সিনেমায় কাজ করতে পারেন তারা। নিজের সিনেমার প্রচারণার জন্য এখন ভারত ভ্রমণে জো রুশো। এই নির্মাতা বলেছেন, প্রিয়াঙ্কা চোপড়া দারুণ। তার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে রুশোর। রুশো এ-ও বলেছেন, প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ হলেও এখনই সিনেমাটি সম্পর্কে কিছুই ফাঁস করতে চান না।
‘প্রিয়াঙ্কা এখন বৈশ্বিক তারকা হিসেবে নিজেকে তুলে ধরছে। সে অসাধারণ। আমি ওর সঙ্গে কাজ করতে চাই। সম্ভাব্য নানা বিষয়ে প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ হয়েছে। কিন্তু কী সেটা, তা এখনই বলতে চাইছি না।
গেল বছর মার্ভেল স্টুডিওপ্রধান কেভিন ফাইগি ঘোষণা দেন, নারী সুপারহিরো কমলা খান চরিত্র নিয়ে একটি প্রকল্প হাতে নিয়েছেন তিনি, যেটি হবে মার্ভেলের প্রথম মুসলিম সুপারহিরো। ওই ঘোষণার পরেই কমলা খানের চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখার ইচ্ছে প্রকাশ করে আসছেন অনেক ভক্ত।
সম্প্রতি ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা। সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরও রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। এ ছাড়া প্রিয়াঙ্কাকে বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই’ সিনেমায় দেখা যাবে বলে খবর বেরিয়েছে।
