আজ আবাহনীর সামনে দোলেশ্বর

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১২:৪৫ এএম

আবাহনী লিমিটেডের উচ্চতায় উঠে আসার সুযোগ আজ প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাবের। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের নবম রাউন্ডে মুখোমুখি হচ্ছে দুই শিরোপাপ্রত্যাশী দল। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী সুপার লিগ নিশ্চিত করেছে আগের ম্যাচে। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে শেষ ছয় নিশ্চিত করার অপেক্ষায় দোলেশ্বর।

ঢাকা লিগে আজ ম্যাচ আছে আরও দুটি। বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে শেখ জামাল ধানম-ি ক্লাবের বিপক্ষে। ফতুল্লায় উত্তরা স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। আগামীকালও তিনটি ম্যাচ। মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ক্রিকেট ক্লাব, ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স-ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ।

আবাহনী ও রূপগঞ্জের পয়েন্ট সমান ১৪। ১২ দলই আট ম্যাচ করে খেলেছে। সুপার লিগে উঠেছে শুধু এই দুই দল।

তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ও চতুর্থ স্থানের দোলেশ্বরের পয়েন্ট সমান ১২। রানরেটে এই স্থান নির্ধারিত। মোহামেডান ও শেখ জামালের পয়েন্ট ৮। শাইনপুকুর ৭, গাজী গ্রুপ ৬, বিকেএসপি ৫, ব্রাদার্স ও উত্তরা সমান ৪ এবং খেলাঘর ২ পয়েন্ট নিয়ে এরপর আছে। আবাহনী-দোলেশ্বরের ম্যাচে বরাবর প্রতিযোগিতা থাকে। গতকাল মিরপুরে অনুশীলন শেষে দোলেশ্বরের পেসার আবু জায়েদ রাহী বলছিলেন, ‘যেহেতু আমাদের দল আবাহনীর সঙ্গে সবসময় ভালো করে, এজন্য এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত