বাঘাইছড়ি হত্যাকান্ডে ‘জড়িতদের সঙ্গে’ গোলাগুলি, নিহত ১

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৩:২৭ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি হত্যাকান্ডে জড়িতদের সঙ্গে ‘যৌথবাহিনীর’ গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী ও র‌্যাব। তার নাম জ্ঞান শংকর চাকমা। গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় মিয়ানমার সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। তিনি পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠনের প্রধান চাঁদা আদায়কারী বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির সীমান্তে ফাঁদ পাতে যৌথবাহিনী। সেখানে বেলা ১১টার দিকে গোলাগুলি, নিহত ১ সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা পিছু হটলে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলার পর সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে আরও বড় হামলার পরিকল্পনা করে। মিয়ানমার থেকে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র কিনে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঢোকার কথা ছিল। গোয়েন্দা সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়ার পর সম্ভাব্য এলাকাগুলোতে ফাঁদ পাতে যৌথবাহিনী। সন্ত্রাসীরা সেনা টহল দলের মুখোমুখি হয় এবং গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭টি এসএমজি ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অন্য অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ৪৩৭ রাউন্ড গুলি, ১১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা এবং ৪ লাখ ৩৬ হাজার নগদ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত